সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে মুরগির: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, বাজারে সরবরাহ সংকটের কারণেই মুরগির দাম বেড়েছে। এ বাজার স্বাভাবিক হতে ৬ মাসের মতো অপেক্ষা করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, মুরগির খাদ্য উপাদানের খরচ বেড়েছে। তবে খরচের তুলনায় দাম না পেয়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে সরবরাহ সংকটে পড়ে বাজারে মুরগির দাম বেড়েছে। বাজারে ইতোমধ্যে দাম বেড়েই আছে। এ বাজার স্বাভাবিক হতে ৬ মাসের মতো অপেক্ষা করতে হবে।
রমজানে পোল্ট্রি বাজার নিয়ন্ত্রণে সরকার নীরব থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মুরগির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছেন। কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিকভাবে বাচ্চার দাম ও খাদ্যের দাম বাড়িয়ে দেয়। তাই সবার স্বার্থসুরক্ষায় একটি শক্ত নিয়ন্ত্রক সংস্থা থাকা দরকার।
তিনি বলেন, আমাদের সবচেয়ে দুর্বল দিক আমরা পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করি না। এ ছাড়া এই পুষ্টি সমস্যা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।





